প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৭ বাংলাদেশির করুণ মৃত্যু
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত সাতজন বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তাদের বরাত দিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর ২০২৬) এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা সবাই সৌদি আরবের ‘আল আবির কোল্ড স্টোরস ট্রেডিং কোম্পানি’র সঙ্গে কর্মসূত্রে সম্পৃক্ত পরিবারের সদস্য। নিহতদের মধ্যে প্রাথমিকভাবে যাঁদের পরিচয় পাওয়া গেছে, তাঁরা হলেন—প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ও এক মেয়ে, ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তাঁর এক মাস বয়সী কন্যাশিশু। মদিনা থেকে একটি গাড়িতে করে জেদ্দার দিকে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ঘটনাস্থলেই তাঁরা প্রাণ হারান। তবে দুর্ঘটনাটি ঠিক কখন ও কোথায় ঘটেছে, তার বিস্তারিত এবং নিহতদের গ্রামের বাড়ির ঠিকানা এখনো নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ, দেশটির গণমাধ্যম কিংবা রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দা ও গণমাধ্যম
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল