প্রিন্ট এর তারিখ : ০৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬
উত্তপ্ত কুমিরা: সড়ক দুর্ঘটনায় আইআইইউসি ছাত্রী নিহতের পর বিক্ষোভ
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির ধাক্কায় বাস উল্টে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের সহপাঠীসহ আরও কয়েকজন আহত হয়েছেন। সহপাঠীর মৃত্যুর খবরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করায় উভয়মুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সকাল ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা মুশফিরাত (২১) বিশ্ববিদ্যালয়টির ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, লরির ধাক্কায় একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে গিয়ে শিক্ষার্থীদের ওপর চাপা পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মাইশাকে মৃত ঘোষণা করেন।এই মৃত্যুর খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়ার পর সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল