প্রিন্ট এর তারিখ : ০১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬
সন্ধ্যার পর রাস্তায় স্কুল-কলেজ পড়ুয়াদের পেলে গ্রেপ্তার করা হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
সন্ধ্যার পর স্কুল-কলেজ পড়ুয়া ছেলেপেলেদের যদি রাস্তায় পাওয়ায় যায়, তাহলে তাদের ধরা হবে, গ্রেপ্তার করা হবে’ বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ প্রধান ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। কিশোর গ্যাং নির্মূল ও সামাজিক অপরাধ দমনের লক্ষ্যে অভিভাবকদের আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি।শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরিতে অবস্থিত শহীদ সুভাষ হলে আয়োজিত নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন বিষয়ক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।অভিভাবক ও শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, সন্তানদের ওপর পরিবার ও সমাজের নিয়ন্ত্রণ কমে যাওয়ার কারণে কিশোর গ্যাং তৈরি হচ্ছে। পড়াশোনার সময়ে কিশোর-তরুণদের অহেতুক রাস্তায় ঘুরে বেড়ানো ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি দেশ থেকে পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের এই প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান তিনি।কক্সবাজার জেলা পুলিশ আয়োজিত এই সমাবেশে পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল