প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজন: অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে সাময়িক বরখাস্ত হয়েছেন পুলিশের অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। একইসঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে।আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, গত ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তর বিভাগের একটি দল ভাটারা থানাধীন পুলিশ হাউজিং আবাসিক এলাকায় ওই কর্মকর্তার বাসায় অভিযান চালায়। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয় এবং ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এতে জনমনে পুলিশের প্রতি নেতিবাচক ধারণা তৈরি এবং বাহিনীর ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে একে শিষ্টাচারবহির্ভূত ও বিভাগীয় শৃঙ্খলাপরিপন্থী হিসেবে অভিহিত করা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ১২(১) বিধি অনুযায়ী ২৫ অক্টোবর থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং এ সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল