প্রিন্ট এর তারিখ : ৩১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬
পদ্মা-মেঘনায় ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: চাঁদপুরে ৬৪৬ জেলে আটক
নিজস্ব প্রতিবেদক ||
পদ্মা-মেঘনা নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে চাঁদপুরে ৬৪৬ জন জেলেকে আটক করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স এবং নৌ পুলিশ। এছাড়া অভিযানে বিপুল পরিমাণ ইলিশ ও নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর নৌ থানা থেকে পাঠানো বিজ্ঞপ্তি ও প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর রাত ১২টা থেকে ২৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ ও পরিবহনে নিষেধাজ্ঞা ছিল। এই সময়ে টাস্কফোর্সের ২৩৮টি অভিযানে ১৮৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয় এবং জরিমানা বাবদ ৩ লাখ ৯৬ হাজার ২০০ টাকা আদায় করা হয়। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, অভিযানে ২ দশমিক ৭৫৩ টন ইলিশ ও ১২ লাখ ১ হাজার ৯৯ মিটার জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়।অন্যদিকে, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের অভিযানে ৪৬৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১২০ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয় এবং বাকি ৩৪৩ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন জানান, অভিযানে জব্দ করা ৩০ লাখ ৯০ হাজার ৫৮৫ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং ৭৭টি মাছ ধরার নৌকা জব্দ রয়েছে। উল্লেখ্য, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ নদীতে নামছেন চাঁদপুরের ৫০ হাজারের বেশি জেলে।সূত্র: জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও চাঁদপুর নৌ থানা
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল