প্রিন্ট এর তারিখ : ২৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৩ ভুয়া ভোটার আটক
নিজস্ব প্রতিবেদক ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা ভোটকেন্দ্র থেকে তাঁদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন— হিমেল (আলিম ২য় বর্ষ), সিয়াম (আলিম ১ম বর্ষ) ও মিনহাজ (আলিম ১ম বর্ষ)। দানারহাট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, সতর্কতার সাথে তিনজনকে শনাক্ত করার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে জিজ্ঞাসাবাদ করেন এবং আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আপাতত তাঁদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে। সকাল ৮টা থেকে ১৮৫টি কেন্দ্রে এ উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়, যেখানে ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করছেন। জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, ড্রোন ও ডগ স্কোয়াডসহ কঠোর নিরাপত্তার মধ্যে পাঁচজন প্রার্থীর মধ্যকার এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, এ আসনে জয়ী সাবেক সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য ঘোষিত আসনে এই উপনির্বাচনের আয়োজন করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল