প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক ইস্যুতে গোলাম পরওয়ারকে তোপ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদের
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথিত বৈঠক ইস্যুতে জামায়াতে ইসলামীর নতুন বিবৃতি ও দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি মন্তব্য করেছেন যে, এ ইস্যুতে মিয়া গোলাম পরওয়ার কার্যত ‘ফাটা বাঁশের চিপায়’ পড়েছেন।আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠকের বিষয়ে জামায়াতের প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন রাশেদ খান। তিনি লেখেন, জামায়াতের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতির ভাষা পর্যালোচনা করলেই পরিষ্কার বোঝা যায় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল। বিবৃতিতে কোথাও সরাসরি বৈঠকের বিষয়টি অস্বীকার করা হয়নি কিংবা 'ভারত' শব্দটি পর্যন্ত উচ্চারণ করা হয়নি উল্লেখ করে তিনি মন্তব্য করেন, মিয়া গোলাম পরওয়ারকে রক্ষা করতে গেলে জামায়াতকে পুরো দায় নিতে হবে।সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রাশেদ খান উল্লেখ করেন, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যেভাবে ইতস্তত বোধ করে তড়িঘড়ি স্থান ত্যাগ করেছেন, তা থেকে সত্য এড়িয়ে যাওয়ার প্রবণতা স্পষ্ট হয়। ধর্মের নামে মিথ্যাচার ও রাজনৈতিক সুবিধাবাদের সমালোচনা করে তিনি হুঁশিয়ার দেন যে, জামায়াত নেতাদের অনৈতিক দ্বিমুখী অবস্থানের কারণে জনগণের কাছে তাঁদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠবে।সূত্র: প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের ফেসবুক পোস্ট
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল