প্রিন্ট এর তারিখ : ২৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬
বুথফেরত সমীক্ষায় ধরাশায়ী নেতানিয়াহু, ‘নতুন যুগের সূচনা’ দাবি করে সাবেক প্রধানমন্ত্রী বেনেটের বিজয় ঘোষণা
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ইসরায়েলের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে পরাজিত হয়েছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ‘বেয়াহাদ’ পার্টির প্রধান নাফতালি বেনেট। বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহু জোটের আসন সংখ্যা মারাত্মকভাবে কমে যাওয়ার তথ্য প্রকাশের পর তিনি এই মন্তব্য করেন। আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) মধ্যরাতের পর তেল আবিবে নিজ দলের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে নাফতালি বেনেট সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বুথফেরত সমীক্ষার ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, নেতানিয়াহুর বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র। সমীক্ষার পূর্বাভাস অনুযায়ী, ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুর জোটের আসন সংখ্যা ৬৮ থেকে কমে ৫০-এ নেমে এসেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের চেয়ে অনেক কম।সমীক্ষায় আরও দেখা যায়, গ্যাডি আইজেনকোটের ইয়াশার পার্টি প্রধান বিরোধী শক্তি হিসেবে এবং নাফতালি বেনেটের বেয়াহাদ পার্টি ১২ থেকে ১৩টি আসন পেতে যাচ্ছে। এ ফলাফলের পর উৎফুল্ল বেনেট এক বক্তব্যে বলেন, “ইসরায়েলের জনগণ, মাথা উঁচু রাখো! দেশের সচেতন জনগণ জেগে উঠেছে। নেতানিয়াহু হেরে গেছেন এবং ৭ অক্টোবরের ব্যর্থ সরকার এবার বাড়ি ফিরে যাচ্ছে।” তিনি জানান, পরিবর্তনকামী বিরোধী জোটের নেতারা ইতিমধ্যে নতুন সরকার গঠনের ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা ও কৌশল নির্ধারণের কাজ শুরু করেছেন। তবে নির্বাচন কমিশনের ঘোষিত চূড়ান্ত ফলাফলের জন্য সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করার আহ্বানও জানিয়েছেন নাফতালি বেনেট। দেশটিতে এক নতুন রাজনৈতিক ধারার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, দেশের মানুষ যেভাবে পরিবর্তনের বার্তা দিয়েছে, তারা ঠিক সেই চেতনা ও নতুন নেতৃত্বকে দেশের পার্লামেন্ট এবং রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবেন।উল্লেখ্য, দেশের সাম্প্রতিক সংকটের কথা বিবেচনা করে চলতি বছরের এপ্রিলে নাফতালি বেনেট ও ইয়াইর লাপিদ যৌথভাবে ‘বেয়াহাদ’ পার্টি গঠন করেন। পূর্বে ডানপন্থীদের সঙ্গে রাজনৈতিক মতভেদের কারণে বিরতিতে থাকা বেনেট এবার নতুন দল ও আইজেনকোটের বিরোধী জোটকে সঙ্গে নিয়ে নেতানিয়াহু বিরোধী বড় বলয় গড়ে তুলেছেন।সূত্র: ওয়াইনেট নিউজ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল