প্রিন্ট এর তারিখ : ২৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬
ভারতের গুয়াহাটিতে হোটেল মালিক-ইজারাদার বিরোধে গোলাগুলি: নিহত ৫
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে একটি হোটেলের সামনে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। হোটেল মালিক ও ইজারাদারের মধ্যে দীর্ঘদিন ধরে চলা অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিরোধের জেরে এই রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।গত সোমবার (২৬ অক্টোবর ২০২৬) রাত ৯টার দিকে গুয়াহাটির ব্যস্ততম জিএস রোডে অবস্থিত 'হোটেল বিলাস ইন'-এর কাছে এ ঘটনা ঘটে। এলাকাটি আসাম পুলিশের সদর দপ্তর থেকে মাত্র দুই কিলোমিটার দূরে অবস্থিত। গুয়াহাটি পুলিশের কমিশনার পার্থ সারথি মহন্ত জানান, গুলিবিদ্ধ হয়ে ছয়জন মারাত্মক আহত হলে তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহতদের সবাই হোটেল মালিকের পক্ষে সংশ্লিষ্ট ছিলেন এবং অভিযুক্ত ইজারাদার নিজে রিভলবার দিয়ে অতর্কিত গুলি চালিয়ে এই নির্মম হত্যাকাণ্ড ঘটান।ঘটনার পরপরই অভিযুক্ত ইজারাদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারসহ ঘটনার পেছনের মূল কারণ ও অন্যান্য দিক খতিয়ে দেখতে ইতোমধ্যে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আসাম পুলিশ।সূত্র: গুয়াহাটি পুলিশ কার্যালয় ও আসাম পুলিশ
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল