প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে ট্রাকচালক হোসেন হত্যা মামলা: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জগঠন
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন (চার্জগঠন) করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৬ অক্টোবর ২০২৬) দুপুরে শুনানি শেষে ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে এই চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামী ২৫ নভেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মোট ৩৪ জন আসামির মধ্যে ২২ জন শুরু থেকেই পলাতক রয়েছেন। এ ছাড়া কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ৯ জন আসামিকে এদিন আদালতে হাজির করা হয় এবং দুজন জামিনে থেকে হাজিরা দেন। অন্যদিকে মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান অন্য মামলায় কারাগারে থাকায় তাকে হাজির করা সম্ভব হয়নি। আদালতে শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা অব্যাহতির আবেদন জানালেও রাষ্ট্রপক্ষ তার তীব্র বিরোধিতা করে। অভিযোগ গঠনের সময় উপস্থিত আসামিরা নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।মামলার বিবরণে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গাবতলী থেকে বাসায় ফেরার পথে গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। এ ঘটনায় নিহতের মা রীনা বেগম বাদী হয়ে ওই বছরের ৩১ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিদের মধ্যে রয়েছেন— ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, শাহজাহান খান প্রমুখ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল