প্রিন্ট এর তারিখ : ২৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ: সোমবারই ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নেওয়ার শঙ্কা, বন্দরে ১ নম্বর সতর্কসংকেত
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে দ্রুত শক্তি সঞ্চয় করছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আজ সোমবারের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বিশ্ব আবহাওয়া সংস্থার নিয়ম অনুযায়ী বাংলাদেশের প্রস্তাবিত নামানুসারে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম হবে ‘অর্ণব’ (অর্থ সমুদ্র বা সাগর)। ঘূর্ণিঝড়টি পরবর্তীতে দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার নাগাদ অতি প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।আজ রবিবার (২৫ অক্টোবর ২০২৬) আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গভীর নিম্নচাপটি দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার, কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার, মোংলা থেকে ৮৫০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ৭৪০-৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এর কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার রয়েছে, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে উপকূলীয় এলাকার নিকটবর্তী সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এদিকে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের আশঙ্কায় ভারতের পূর্ব ও দক্ষিণ উপকূলীয় রাজ্যগুলোতে ব্যাপক সতর্কতা ও প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৮ অক্টোবর সকালে অন্ধ্রপ্রদেশের বাপটলা ও বিশাখাপত্তমের মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার (দমকায় ১৪০ কিমি) পর্যন্ত পৌঁছাতে পারে। দুর্যোগ মোকাবিলায় ওড়িশার পাঁচ জেলায় (গঞ্জাম, গজপতি, রায়গড়া, কোরাপুট ও মালকানগিরি) আগামী ২৮ ও ২৯ অক্টোবর সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ওডিআরএফ, এনডিআরএফ এবং দমকল বাহিনীর শত শত টিম প্রস্তুত রাখার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরির কয়েকটি অঞ্চলেও প্রবল বৃষ্টির কারণে একাধিক বন্দরে সতর্কতা জারি করা হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল