প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
স্বাস্থ্য খাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আহ্বান করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক ||
স্বাস্থ্য খাতের অবকাঠামোগত ও সেবামূলক উন্নয়নে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে প্রায় ১৬ হাজার কোটি টাকার বিশাল টেন্ডার আহ্বান করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সাথে ক্যান্সার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহসহ অত্যাধুনিক প্রযুক্তির পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনার প্রক্রিয়া চলছে বলেও নিশ্চিত করেছেন তিনি।রবিবার (২৫ অক্টোবর) প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন যে, স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে ৫ হাজার নতুন চিকিৎসক, নার্স এবং স্বাভাবিক প্রসব বাড়াতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এ ছাড়াও সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীতকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।পরিদর্শনকালে হাসপাতালে চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী জানান, দায়িত্ব পালনে অনিয়ম বা চিকিৎসাসেবায় গাফিলতি থাকলে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বেসরকারি ক্লিনিকগুলো নির্ধারিত কমপ্লায়েন্স ও শর্ত মেনে পরিচালিত না হলে কিংবা অব্যবস্থাপনার কারণে রোগী ভোগান্তির শিকার হলে সেসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার স্পষ্ট বার্তা দেন তিনি
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল