প্রিন্ট এর তারিখ : ২৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬
নড়িয়ায় ব্যবসায়িক বিরোধ ঘিরে অতর্কিত হামলা: বিএনপি ও অঙ্গসংগঠনের চার নেতাকর্মী আহত
নিজস্ব প্রতিবেদক ||
শরীয়তপুরের নড়িয়ায় ব্যবসায়িক লেনদেনের বিরোধকে কেন্দ্র করে উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি নোমান চোকদারসহ চার নেতাকর্মীকে মারধরের ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) প্রাপ্ত তথ্যে জানা যায়, শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নড়িয়া মাজেদা হাসপাতালের পেছনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে অন্য তিনজন হলেন—নড়িয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ খান, যুগ্ম আহ্বায়ক তাজুল সিকদার এবং পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান রাজিব। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরবর্তীতে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনা প্রসঙ্গে আহত নোমান চোকদার জানান, স্থানীয় সালাউদ্দিন ছৈয়াল জরুরি কথা বলে তাদের ডেকে এনে ২০ থেকে ২৫ জনকে সাথে নিয়ে অতর্কিত হামলা চালান। অন্যদিকে সালাউদ্দিন ছৈয়াল পাওনা টাকা চাওয়া নিয়ে তর্কের একপর্যায়ে স্বজনেরা ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন। এ বিষয়ে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল