প্রিন্ট এর তারিখ : ২৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার তাগিদ পর্যটনমন্ত্রীর
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
কুয়াকাটা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। কুয়াকাটার সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ দেন তিনি।শুক্রবার (২৩ অক্টোবর) সকালে কুয়াকাটার হোটেল খান প্যালেসে পর্যটন মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, কুয়াকাটা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার অনন্য সুযোগ একে বিশেষ বৈশিষ্ট্য দিয়েছে। আন্তর্জাতিক মানের সৈকত হিসেবে রূপান্তর করতে পর্যটকদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা, উন্নত যোগাযোগব্যবস্থা, মানসম্মত আবাসন, প্রশিক্ষিত লাইফগার্ড নিয়োগ ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।অনুষ্ঠানে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় এবং স্থানীয়দের সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়। মতবিনিময় সভায় পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, স্থানীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, পর্যটন সচিব ড. নূরুন্নাহার চৌধুরীসহ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল