প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির, ৩০ অক্টোবর ঢাকায় বিক্ষোভের ডাক
নিজস্ব প্রতিবেদক ||
চাঁদাবাজি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই পরিস্থিতির দায় নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের সরিয়ে দিয়ে মন্ত্রিপরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি। শুক্রবার বিকেলে এনসিপির সপ্তাহব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচি কারওয়ান বাজার এলাকা থেকে শুরু করা হয়।নাহিদ ইসলাম বলেন, দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই এবং সরকারের সমালোচনা করায় সাইবার নিরাপত্তা আইনের মাধ্যমে দমনপীড়ন চালানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে দাম না বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও তিন দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, সরকারের ব্যর্থতার প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর ঢাকা মহানগরে বৃহৎ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, নির্বাচনের পরও বাজার সিন্ডিকেট ও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করছে না, যার ফলে রাজপথ ও সংসদে জনগণের এই লড়াই অব্যাহত থাকবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল