প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, উদ্বোধন সোমবার
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
ঢাকা-কক্সবাজার রুটে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে নতুন করে চলাচল শুরু করতে যাচ্ছে আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’। ওইদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ট্রেনের ১৬টি কোচে আসনসংখ্যা থাকবে ৭০৬ থেকে ৭৩৬টি এবং এর সাপ্তাহিক বন্ধ নির্ধারিত করা হয়েছে রোববার। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় ট্রেনটি কক্সবাজার পৌঁছাবে। অন্যদিকে ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল ৮টায় ছেড়ে চট্টগ্রাম হয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছাবে ট্রেনটি। গত ১৬ অক্টোবর থেকে অনলাইন ই-টিকিটিং ওয়েবসাইটের (eticket.railway.gov.bd) মাধ্যমে এর টিকিট বিক্রি শুরু হয়েছে। ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে মহানগর এক্সপ্রেসের বিরতি থাকবে। বিরতিহীন কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেসের কারণে এতদিন যেসব মধ্যবর্তী অঞ্চলের যাত্রীরা সেবা থেকে বঞ্চিত ছিলেন, তারা এখন সরাসরি ট্রেনে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবেন। এর ফলে সমুদ্রসৈকতে পর্যটক বাড়ার পাশাপাশি রেলওয়ের রাজস্ব বৃদ্ধি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল