প্রিন্ট এর তারিখ : ২৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
হুতিদের হামলা বৃদ্ধি: অজরুরি কর্মী ও পরিবারের সদস্যদের ফেরত যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
সৌদি আরবে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধি পাওয়ায় দেশটি থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের অনতিবিলম্বে স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা শঙ্কা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে জানান, হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমেই শত্রুতামূলক কর্মকাণ্ড বৃদ্ধি করেছে, যেখানে বেসামরিক বিমানবন্দর ও অর্থনৈতিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হচ্ছে। এতে বেসামরিক হতাহতের পাশাপাশি স্বাভাবিক যাতায়াত ও নিরাপত্তা মারাত্মক বিঘ্নিত হচ্ছে। মার্কিন কর্মকর্তা ও তাঁদের পরিবারের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন। বার্তাসংস্থা রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনে সংঘাতের মাত্রা বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান উত্তেজনায় উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশে অবস্থিত মার্কিন মিশনগুলো থেকেও কূটনীতিকদের স্বজনদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি রিয়াদের বিমানবন্দরসহ বেশ কয়েকটি স্পর্শকাতর পয়েন্টে প্রাণঘাতী হামলার ঘটনায় রিয়াদস্থ মার্কিন দূতাবাসও বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে। বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্য ও উপসাগরীয় অঞ্চলের অর্থনীতিতে এই উত্তেজনার প্রভাব নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: আল জাজিরা ও রয়টার্স
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল