প্রিন্ট এর তারিখ : ২২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬
তারেক রহমানের সফর নিয়ে ফেসবুকে ‘স্নাইপার’ মন্তব্য: অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 'স্নাইপার' সংক্রান্ত একটি বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসা এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে ঘিরে এমন স্পর্শকাতর মন্তব্যকে নিরাপত্তার জন্য চরম উদ্বেগজনক উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতারা। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিমানবন্দর থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি বাসে চড়ে তিনি নগরীতে প্রবেশ করেন এবং রাস্তার দুই পাশে অবস্থানরত উৎফুল্ল জনতাকে হাত নেড়ে অভিবাদন জানান। পরবর্তীতে 'দ্য বিউটি অব রাজশাহী' নামক একটি ফেসবুক পেজে সাধারণ বাসে প্রধানমন্ত্রীর যাত্রার বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়। ওই পোস্টের মন্তব্যের ঘরে 'এমডি আবু বকর সিদ্দিক' নামের একটি ফেসবুক আইডি থেকে উস্কানিমূলক ও নিরাপত্তা হুমকিস্বরূপ মন্তব্যটি করা হয়। ঘটনাটি ছড়িয়ে পড়ার পর রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন ও সহসভাপতি আলী আশরাফ মাসুম ক্ষোভ প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রীর নিরাপত্তা অত্যন্ত সংবেদনশীল বিষয়। দেশে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যে এই ধরণের মন্তব্য করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করে মন্তব্যকারীকে আইনের আওতায় আনার জোরালো দাবি জানান তাঁরা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান জানান, স্পর্শকাতর এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে করা ওই অসংলগ্ন মন্তব্যকারী ব্যক্তিকে ইতিমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।সূত্র: আরএমপি ও মহানগর বিএনপি
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল