প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬
‘দক্ষিণ কোরিয়ার চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী তৈরিতে প্রস্তুত বাংলাদেশ’: সিউলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কারিগরি দক্ষতা উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। দেশটির ন্যাশনাল এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (এনইএসএ) এবং কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন অব কোরিয়ার (সিএকে) প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে তিনি এই আহ্বান জানান।মঙ্গলবার (২০ অক্টোবর) সিউলে অনুষ্ঠিত এ পৃথক বৈঠকে এনইএসএ-এর সঙ্গে আলোচনায় এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমের (ইপিএস) আওতায় বাংলাদেশি কর্মীদের সুযোগ বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বৈঠকের বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, “দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ ও প্রশিক্ষিত কর্মী তৈরিতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত।” পাশাপাশি মৌসুমি কর্মসংস্থান, পেশাভিত্তিক কারিগরি দক্ষতা ও ব্যবহারিক কোরীয় ভাষা শেখার ক্ষেত্রে যৌথ সহযোগিতার বিষয়টিও আলোচনায় উঠে আসে। অন্যদিকে সিএকের সঙ্গে বৈঠকে দক্ষিণ কোরিয়ার নির্মাণশিল্পে অভিজ্ঞ বাংলাদেশি কর্মীদের যুক্ত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। এ সময় সিএকে ও শীর্ষস্থানীয় নির্মাণপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মক্ষেত্রে নিরাপত্তা, কার্যকর যোগাযোগ এবং কারিগরি দক্ষতার ওপর গুরুত্ব আরোপ করেন। গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সিউলে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিয়মিত যোগাযোগ বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।সূত্র: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সিউলস্থ বাংলাদেশ দূতাবাস
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল