প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
ডা. তাহেরকে নিয়ে ছড়ানো ফটোকার্ড ভুয়া, বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াতের
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরকে উদ্ধৃত করে দুর্গাপূজা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো একটি ফটোকার্ডকে সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া বলে দাবি করেছে দলটি। মঙ্গলবার (২০ অক্টোবর) জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ তথ্য জানিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা জানান। বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘জোবায়দা রহমান’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘দুর্গা পূজা শুধু হিন্দুদের নয়, এটি আমাদেরও: জামাত নেতা তাহের’ শীর্ষক একটি বানোয়াট ফটোকার্ড ছড়ানো হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে তৈরি।বিবৃতিতে জামায়াত নেতা জুবায়ের জানান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এমন অবস্থায় তাঁকে জড়িয়ে এ ধরনের তথ্য ছড়ানো সম্মানহানির এক অপচেষ্টা। সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে সম্মানিত ব্যক্তিদের হেয়প্রতিপন্ন করার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি দেশবাসীকে এসব বানোয়াট তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের অপরাধমূলক সাইবার অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তিনি।সূত্র: বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রেস বিজ্ঞপ্তি
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল