প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে অভিযানের পর ইশরাক হোসেনের পদত্যাগের খবর ‘গুজব’, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
মাদকবিরোধী অভিযানে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে অংশ নেওয়াকে কেন্দ্র করে আলোচনার মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এই খবরটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন ইশরাক হোসেন। রবিবার (১৮ অক্টোবর) রাতে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা স্বাক্ষরিত এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারের উচ্চপর্যায় থেকে তাঁকে পদত্যাগের কোনো নির্দেশনা দেওয়া হয়নি এবং তিনি স্বীয় দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাচ্ছেন। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয় এতে।উল্লেখ্য, শনিবার (১৭ ১৭ অক্টোবর) রাজধানীর গেন্ডারিয়া এলাকায় মাদকবিরোধী অভিযানের একটি ভিডিওতে এক হাতে হ্যান্ডমাইক ও অন্য হাতে পিস্তল উঁচিয়ে প্রতিমন্ত্রীকে প্রকাশ্যে কয়েকজনকে তাড়া করতে দেখা যায়। ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হলে তিনি জানান, ৩০-৩৫ জন লোক মারমুখী হয়ে এগোলে সম্ভাব্য হামলা ঠেকাতে কেবল আত্মরক্ষার্থেই আইনসম্মতভাবে নিজের লাইসেন্সকৃত অস্ত্র প্রদর্শন করা হয়েছিল। পরে রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে গণমাধ্যমের সমালোচনা করে তিনি ঘোষণা দেন, এখন থেকে মাদকের আস্তানাগুলো বাঁশের লাঠি দিয়েই গুঁড়িয়ে দেওয়া হবে। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটিতে আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কি না তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল