প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬
মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের কাছে কূটনৈতিকপত্র দিয়ে বিস্তারিত জানতে চাইল ঢাকা
নিজস্ব প্রতিবেদক ||
পবিত্র মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে তথ্য জানতে চেয়েছে ঢাকা। রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলাম সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠককালে বিষয়টি উত্থাপন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করে জানায়, উদ্ভূত সামগ্রিক পরিস্থিতি ও কূটনৈতিক অবহিতকরণের বিষয়টি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রটি জানায়, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক আইনি বিষয়াদি জানতে চেয়ে সৌদি রাষ্ট্রদূতের কাছে একটি আনুষ্ঠানিক কূটনৈতিকপত্র (নোট ভার্বাল) হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত বুধবার মক্কা এলাকায় 'অনৈতিক কাজের' অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে এই আটক, বিচার কিংবা মৃত্যুদণ্ড কার্যকরের কোনো ধাপেই বাংলাদেশকে পূর্বাহ্নে কিছু জানানো হয়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, যার পরিপ্রেক্ষিতে ঢাকার এই কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হলো।সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল