প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ইনানীর রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: কর্মস্থলে ফিরে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজনকে হারালেন নুর আলম
অভিলাষ মাহমুদ, সাব-এডিটর ||
কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজ স্ত্রী ফারিহা কবির ও সাত বছরের একমাত্র সন্তান ফায়িজান আহম্মেদসহ পরিবারের ছয় সদস্যকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের চুয়াডাঙ্গা মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) নুর আলম। বুধবার (১৪ অক্টোবর) পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা ও চুয়াডাঙ্গা থেকে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। কর্মস্থলের তাগিয়ে শুক্রবার নুর আলম চুয়াডাঙ্গায় ফিরে আসলেও কথা ছিল শনিবার (১৭ অক্টোবর) বাকিরা একসংগে ফিরবেন। কিন্তু তার আগেই সকালে ইনানীর পাটুয়ারটেক সৈকত এলাকার কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন লেগে নিভে যায় ছয়টি তাজা প্রাণ। নুর আলম জানান, তাঁর স্ত্রী ফারিহা কবির শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেন না। ফলে পরিবারের অন্যান্য সদস্যরা একসংগে ভ্রমণ পরিকল্পনা করেন, যাতে তাঁর দেখাশোনা সহজ হয়। আগুনে প্রাণ হারানো তাঁর সাত বছরের শিশুপুত্র ফায়িজান আহম্মেদ চুয়াডাঙ্গার প্রদীপন মাধ্যমিক বিদ্যাপীঠের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে নুর আলম চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ফায়ার সার্ভিসের তথ্যানুযায়ী, অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অগ্নিকাণ্ডের মূল কারণ অনুসন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল