প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
দিল্লিতে আন্দোলন কর্মসূচি কেন্দ্র করে আইসা নেত্রী নেহা বোরা মুক্ত, সিজেপি সভাপতিকে নিয়ে উদ্বেগ
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ভারতের রাজধানী নয়াদিল্লিতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে আটকের পর সিপিআইএমএল লিবারেশনের ছাত্র সংগঠন ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (এআইএসএ)-এর সর্বভারতীয় সভাপতি নেহা বোরাকে মুক্তি দিয়েছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) জন্তর মন্তর এলাকা থেকে তাঁকে আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ছেড়ে দেওয়া হয়। তবে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনআই-এর প্রতিবেদনে জানানো হয়, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় অভিজিৎ দীপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার কথা রয়েছে। এদিকে সিজেপি প্রধান অভিজিৎ দীপককে কোথায় আটক রাখা হয়েছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাঁর দল সিজেপি। তাঁর অনুপস্থিতিতে দলের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে এএনআইকে বলেন, "অভিজিৎ দীপককে আটকের পর আট ঘণ্টার বেশি সময় পার হয়ে গেলেও পুলিশ তাঁর অবস্থান স্পষ্ট করছে না। তাঁকে কোনো আইনজীবী বা দলের সদস্যদের সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না এবং ঠিক কী কারণে আটক করা হলো তাও জানানো হয়নি।" শুক্রবার নয়াদিল্লির ঐতিহাসিক কনট প্লেসের সেন্ট্রাল পার্কে সিজেপি আয়োজিত ‘লেহরা দো তেরঙ্গা’ শীর্ষক ফ্ল্যাগ মার্চ কর্মসূচি শুরুর কয়েক ঘণ্টা আগেই অভিজিৎ দীপককে তাঁর নিজ বাসা থেকে আটক করে পুলিশ। গত এক সপ্তাহের মধ্যে এটি তাঁর দ্বিতীয়বার আটকের ঘটনা। এর পাশাপাশি সিজেপির আরও দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে, যারা বর্তমানে পাঁচ দিনের কারাদণ্ড ভোগ করছেন।অন্যদিকে একই দিন পৃথক স্থান জন্তর মন্তর থেকে এআইএসএ সভাপতি নেহা বোরাকে আটক করেছিল পুলিশ। এর আগে গত ১০ অক্টোবরও তাঁকে একবার আটক করে পরে ছেড়ে দেওয়া হয়। বিতর্কিত ও পূর্বানুমতিহীন রাজনৈতিক কর্মসূচি কেন্দ্র করে রাজধানীতে বিশৃঙ্খলা এড়াতেই এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে।সূত্র: এএনআই
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল