প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সমালোচনার জবাবে কঠোর জেলেনস্কি, রাশিয়ার তেল শোধনাগারে হামলার পক্ষে যুক্তি
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের নতুন করে ড্রোন হামলা চালানোকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন কঠোর সমালোচনার জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কেবল তাঁর দেশের জাতীয় স্বার্থ সুরক্ষায় কাজ করছেন।একই সঙ্গে মস্কোর কাছ থেকে ডিজেল আমদানিতে ওয়াশিংটনের বিতর্কিত চুক্তির তীব্র বিরোধিতা করে জেলেনস্কি অভিযোগ করেন, এই ধরনের পদক্ষেপ মূলত ভ্লাদিমির পুতিনের পকেটে যুদ্ধের তহবিল জোগাতে সহায়তা করছে। সম্প্রতি রাশিয়ার জ্বালানি খাতের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একপক্ষীয় যুদ্ধবিরতি ঘোষণা করলেও মস্কো তা উপেক্ষা করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা অব্যাহত রাখে। এর জবাবে গত মঙ্গলবার থেকে কিয়েভও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে পাল্টাহামলা শুরু করে। এই ঘটনার পর এক সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, "পুতিনের চেয়ে জেলেনস্কির সঙ্গে চুক্তি করা বেশি কঠিন। ইউক্রেন বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিচ্ছে।" আগামী মাসের মিড-টার্ম নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বাজারে জ্বালানির দাম কমাতে রাশিয়া থেকে তিন লাখ টন ডিজেল আমদানির চুক্তি করেছিলেন ট্রাম্প। কিয়েভের এই ড্রোন হামলার ফলে ওয়াশিংটনের সেই ডিজেল সরবরাহ ব্যাহত হওয়ার মুখে পড়েছে।শুক্রবার (১৬ অক্টোবর) ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে জেলেনস্কি ইইউ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্পের প্রতি পরোক্ষ তিরস্কার ছুঁড়ে দিয়ে বলেন, "প্রকৃত নেতাদের মাঝে ফিরতে পেরে বেশ স্বস্তি লাগছে।" আমেরিকান ডিজেল চুক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, "আজ ডিজেল চুক্তি হলো, কাল হয়তো গ্যাস চুক্তি হবে। আমি যদি নিজের দেশের স্বার্থে এর প্রতিবাদ না করি, তবে আর কে করবে?"সম্মেলনে জেলেনস্কি ইউক্রেনের অর্থ ও সামরিক সংকটের কথা ইইউ নেতাদের সামনে তুলে ধরে জানান, আগামী বছর যুদ্ধ চালিয়ে যেতে ইউক্রেনের ১৫৫ বিলিয়ন ইউরো প্রয়োজন হবে, যার মধ্যে শুধু অস্ত্র ও প্রতিরক্ষার জন্যই ইইউ থেকে অন্তত ৭০ বিলিয়ন ইউরো দরকার। বিশেষ করে যুক্তরাষ্ট্রের তৈরি ‘প্যাট্রিয়ট’ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের তীব্র সংকটের কথা উল্লেখ করে শীতকালে আকাশ সুরক্ষায় ইউরোপকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে ব্রাসেলসে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন—‘ট্রাম্প কি নিজের রাজনৈতিক চাপ সামলাতে জেলেনস্কিকেই বলির পাঁঠা বানাচ্ছেন?’ জবাবে জেলেনস্কি কিছুক্ষণ নীরব থেকে কেবল মৃদু হাসেন, যা সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল তোলে। জেলেনস্কি সংক্ষেপে বলেন, "আমার এই হাসিটুকুই আপনাদের প্রশ্নটির প্রকৃত উত্তর।"স্টারলিংক বিভ্রাট ও আকাশসীমায় দফায় দফায় হামলা:আন্তর্জাতিক গণমাধ্যম ও রয়টার্সের তথ্য মতে, ওয়াশিংটন ও কিয়েভের সম্পর্কে গভীর টানাপোড়েন দেখা দিয়েছে। রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে ইউক্রেনের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তাদের অতিগুরুত্বপূর্ণ স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর গতি কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার রাতে স্টারলিংক ধীরগতির হয়ে পড়ার সুযোগে ইউক্রেনের বেশ কয়েকটি স্থানে রাশিয়া প্রাণঘাতী বিমান হামলা চালায়, যার আগাম সতর্কতা জারি করা সম্ভব হয়নি। জেলেনস্কি একে ‘অত্যন্ত বিপজ্জনক ও অপ্রীতিকর বিস্ময়’ বলে আখ্যা দেন।যুদ্ধক্ষেত্রে হামলা-পাল্টা হামলা আরও ভয়াবহ রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাতে ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় একাধিক নাগরিক নিহত হয়েছেন। অন্যদিকে মস্কোর আকাশসীমা লক্ষ্য করে ইউক্রেনের চালানো বড় ধরনের ড্রোন হামলার জবাবে বিভিন্ন অঞ্চলে অন্তত ৬৪৪টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।সূত্র: রয়টার্স / এএফপি / ইইউ প্রেস রিলিজ
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল