প্রিন্ট এর তারিখ : ১৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬
আব্দুল হাইয়ের মৃত্যুতে রিজভীসহ বিএনপি নেতাদের গভীর শোক
নিজস্ব প্রতিবেদক ||
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক উপমন্ত্রী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রদত্ত এক শোকবার্তায় রুহুল কবির রিজভী বলেন, আব্দুল হাই ১৯৭৯ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে তাঁর ব্যাপক পরিচিতি ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি এক আপসহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন।রিজভী আরও উল্লেখ করেন, জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়েই রাজনীতি করতেন আব্দুল হাই। সংসদ সদস্য ও সরকারের মন্ত্রী হিসেবে তিনি নিজ এলাকাসহ সমগ্র দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রেখেছেন। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ। সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবে সর্বমহলে তাঁর অকৃত্রিম গ্রহণযোগ্যতা ছিল।বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে ধারণ করে মানুষের বাক, ব্যক্তি ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে আব্দুল হাইয়ের লড়াইকে অবিস্মরণীয় আখ্যা দিয়ে রিজভী বলেন, তাঁর মতো একনিষ্ঠ ও আদর্শবান রাজনীতিবিদের প্রয়াণে বিএনপি পরিবার গভীরভাবে ব্যথিত। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।এদিকে, পৃথক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সংসদ সদস্য ও দলের জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শোকবার্তায় দুই নেতাই মরহুম আব্দুল হাইয়ের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকাহত পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানান।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল