প্রিন্ট এর তারিখ : ১৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন: জ্যেষ্ঠ পদে আসছেন নাসীরুদ্দীন, হাসনাত, সারজিস ও আসিফ
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করা হচ্ছে। দলীয় নতুন বিন্যাসে গুরুত্বপূর্ণ পদে আসছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে দলের শীর্ষ দুই পদ—আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্যসচিব পদে আখতার হোসেন বহাল থাকছেন। এনসিপির দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, দু-একদিনের মধ্যেই সমন্বিত এ নতুন কমিটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। দলটির জ্যেষ্ঠ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতে নাসীরুদ্দীন পাটওয়ারী ও হাসনাত আবদুল্লাহ জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দেওয়া হচ্ছে জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব।পূর্বে দলটির শীর্ষ পদে ‘সুপার ইলেভেন’ ব্যবস্থা চালু থাকলেও পুনর্গঠনের পর নেতৃত্ব কাঠামোটি মূলত ‘সুপার সিক্স’ হিসেবে পরিচালিত হবে। দলীয় নীতিনির্ধারকরা জানান, রাজনৈতিক পরিক্রমা, জাতীয় নির্বাচন ও সাম্প্রতিক রাষ্ট্রীয় কর্মসূচিতে নেতৃত্বের ধারাবাহিক ভূমিকার মূল্যায়নস্বরূপ এই চার নেতাকে অধিকতর কার্যকরী দায়িত্বে স্থলাভিষিক্ত করা হচ্ছে।পুনর্গঠিত কাঠামোর অধীনে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘রাজনৈতিক পর্ষদে’ আহ্বায়ক ও সদস্যসচিব পদাধিকারবলে বহাল থাকবেন। তাঁদের সঙ্গে পর্ষদে শীর্ষ দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন, হাসনাত, সারজিস ও আসিফ। এছাড়া পর্ষদের অবশিষ্ট ১০ সদস্য—আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুমকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হচ্ছে। অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্যসচিবেরা সহযোগী সংগঠন এবং সম্পাদকীয় সেলসমূহ পরিচালনা করবেন। উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত’ ও ‘সেকেন্ড রিপাবলিক’ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির আত্মপ্রকাশ ঘটে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট গড়ে দলটি অংশ নেয়। বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত দুটি নারী আসনসহ এনসিপির মোট ৮ জন সংসদ সদস্য প্রতিনিধিত্ব করছেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল