প্রিন্ট এর তারিখ : ১৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬
ডব্লিউএইচওর বিরুদ্ধে ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন সাবেক প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিরুদ্ধে ন্যায্য বিচার না দেওয়া এবং পারিবারিক পরিচয়ের কারণে অন্যায্য আচরণের গুরুতর অভিযোগ তুলেছেন সংস্থাটির দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ। অস্ট্রেলিয়ার একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত মতামতধর্মী নিবন্ধে তিনি এ দাবি করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) মেলবোর্নভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়া টুডে’-তে তাঁর নিবন্ধটি প্রকাশিত হয়। ‘আই ওয়াজ রিডিউসড টু মাই ফ্যামিলি নেম অ্যান্ড ডিনাইড ডিউ প্রসেস বাই ডব্লিউএইচও’ শিরোনামের লেখায় সায়মা দাবি করেন, তাঁর দীর্ঘ পেশাগত অর্জনকে উপেক্ষা করে মূলত পারিবারিক পরিচয়কেই বড় করে দেখা হয়েছে।সায়মা ওয়াজেদ জানান, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি এ ধরনের বৈষম্যের মুখে পড়েন। ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানম গেব্রেয়াসুসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার বিষয়ে জানার পরও সংস্থাটির প্রধান তাঁর জন্য নিরপেক্ষ ও ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশে পূর্বাচলে জমি বরাদ্দ এবং একটি চীন সফর নিয়ে ৯০১ ডলারের ভ্রমণ ব্যয়ের অর্থ ফেরতের নির্দেশনাসহ নানা অভিযোগের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে সায়মা দাবি করেন, অভিযোগগুলোর যথার্থতা যেমন প্রশ্নবিদ্ধ, তেমনি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বা প্রাতিষ্ঠানিক ন্যায়বিচার অনুসরণ করা হয়নি। উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। পরবর্তীতে বিভিন্ন আর্থিক অনিয়ম ও অন্যান্য অভিযোগ ওঠার পর তদন্তের অংশ হিসেবে তাঁকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হয়। দীর্ঘ আইনি ও প্রশাসনিক টানাপোড়েনের পর ২০২৬ সালের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ তিনি শুরু থেকেই অস্বীকার করে আসছেন।এর আগে গত ১৯ সেপ্টেম্বর ভারতের সংবাদমাধ্যম ‘ফার্স্টপোস্ট’-এ প্রকাশিত নিবন্ধেও তিনি ডব্লিউএইচওর ভূমিকা ও রাজনৈতিক চাপের সমালোচনা করেছিলেন। সর্বশেষ এই লেখায়ও তিনি একই অভিযোগ পুনর্ব্যক্ত করার পাশাপাশি শেখ হাসিনার সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নেন। পদত্যাগ করলেও মানসিক স্বাস্থ্য এবং স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্তদের অধিকার নিয়ে বৈশ্বিক অঙ্গনে কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল