প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
দুর্গাপূজায় ব্যাংকগুলোতে টানা তিন দিনের ছুটি ঘোষণা, তবে খোলা থাকবে শনিবার
||
আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার), ২১ অক্টোবর (বুধবার) ও ২২ অক্টোবর (বৃহস্পতিবার) টানা তিন দিন দেশের সকল তফসিলি ব্যাংক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে পূজার ছুটির আগে আগামী ১৭ অক্টোবর (শনিবার) সারাদেশের সকল ব্যাংক স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। আজ রোববার (১১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) থেকে এ-সংক্রান্ত এক জরুরি প্রজ্ঞাপন (সার্কুলার লেটার নং-১৫) জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের সিদ্ধান্তের আলোকেই ব্যাংক খাতে এই ছুটির সময়সূচি কার্যকর করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাণিজ্য ও কাস্টমস সংক্রান্ত সুবিধার্থে বিশেষ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সার্কুলারে উল্লেখ করা হয়, দেশের সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে ২০ থেকে ২২ অক্টোবরের দুর্গাপূজার সরকারি ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবরের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সীমিত আকারে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখতে হবে। এ উদ্দেশ্যে স্থানীয় প্রশাসন এবং কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে নির্দেশ প্রদান করা হয়েছে।উল্লেখ্য, দুর্গাপূজার পূর্ব নির্ধারিত সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২০ অক্টোবর মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। সরকার ২২ অক্টোবর নতুন করে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় আগামী ২০ থেকে ২২ অক্টোবর ব্যাংকিং ছুটির পাশাপাশি ২৩ ও ২৪ অক্টোবরের নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটির আবহ তৈরি হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল