প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬
আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
তানজানিয়ার আরুশায় অনুষ্ঠিত ১৫৩তম আন্তসংসদীয় ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে অংশগ্রহণ শেষে আজ রোববার (১১ অক্টোবর) সকালে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। জাতীয় সংসদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আইপিইউ সম্মেলনে অংশগ্রহণকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংস্থাটির এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান হিসেবে গত ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি ভুটানের স্পিকার টেম্পা দর্জির কাছ থেকে এই আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। একই দিন আইপিইউ-এর ১৫৩তম অ্যাসেম্বলিতে এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে সংস্থাটির অত্যন্ত প্রভাবশালী নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এমপি। এই জোড়া সাফল্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে অনন্য উচ্চতায় পৌঁছেছে বাংলাদেশ। উল্লেখ্য, ৩৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এশিয়া-প্যাসিফিক গ্রুপের এই দায়িত্ব গ্রহণের ফলে বিশ্ব সংসদীয় অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি ও প্রতিনিধিত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। স্পিকারের এই সফরে সঙ্গী হিসেবে প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু এমপি, সরওয়ার জামাল নিজাম এমপি, এ. ই. সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি, এস কে আজিজুল বারী এমপি, হুমাম কাদের চৌধুরী এমপি, মীর আহমাদ বিন কাসেম এমপি, সানসিলা জেবরিন এমপি এবং রোকেয়া বেগম এমপি। স্পিকারের নেতৃত্বে বিশেষ এই সংসদীয় প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুইয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে জাতীয় সংসদ সচিবালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল