প্রিন্ট এর তারিখ : ১১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে রমজান, গালফ নিউজের প্রতিবেদন
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাসে জানানো হয়েছে। আর এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে ৯ অথবা ১০ মার্চ। তবে বরাবরের মতোই চাঁদ দেখার ওপর ভিত্তি করেই রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে।সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।প্রতিবেদনে জানানো হয়, আমিরাত অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, শনিবার সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নতুন চাঁদের জ্যোতির্বৈজ্ঞানিক জন্ম হবে। ইব্রাহিম আল জারওয়ানের মতে, রবিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় নতুন চাঁদ খালি চোখে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে আগামী ১২ অক্টোবর থেকে হিজরি জমাদিউল আউয়াল মাস শুরু হতে পারে।তবে অন্যদিকে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাবের পূর্বাভাসে সামান্য ভিন্ন মত উঠে এসেছে। সংস্থাটি জানিয়েছে, রবিবার সূর্যাস্তের পর নতুন চাঁদ খালি চোখে কিংবা সাধারণ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যাওয়ার সম্ভাবনা নেই। তবে অত্যাধুনিক জ্যোতির্বৈজ্ঞানিক আলোকচিত্র প্রযুক্তি ব্যবহার করে সূর্যাস্তের পূর্বেই চাঁদটি শনাক্ত করা যেতে পারে।শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি হাব আরও জানায়, যেসব দেশ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব বা সেই প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণকে প্রাধান্য দেয়, সেসব দেশে ১২ অক্টোবর থেকেই জমাদিউল আউয়াল মাস গণনা শুরু হতে পারে। তবে যেসব দেশে সূর্যাস্তের পর খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্র দিয়ে খালি চোখে প্রত্যক্ষ চাঁদ দেখার শর্ত মেনে চলা হয়, সেখানে ১৩ অক্টোবর থেকে এই মাস শুরু হতে পারে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল