প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
নেদারল্যান্ডসের প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট বানিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ: সিআইডির হাতে তরুণী গ্রেপ্তার
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
নেদারল্যান্ডসের একটি বিখ্যাত প্রতিষ্ঠানের ভুয়া ওয়েবসাইট তৈরি করে অনলাইনে খণ্ডকালীন (পার্টটাইম) চাকরির প্রলোভনে ২৪ লাখ ১৯ হাজার টাকারও বেশি আত্মসাতের অভিযোগে এক প্রতারক চক্রের নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া তরুণীর নাম প্রীয়ন্তী সরকার চিত্রা (২২)। তিনি রংপুর সদর উপজেলার সাতগাড়া এলাকার বাসিন্দা। মামলার এজাহার ও সিআইডি সূত্রে জানা যায়, ভুক্তভোগী এক ব্যবসায়ীকে গত বছরের আগস্টে একটি টেলিগ্রাম আইডি থেকে বার্তা পাঠিয়ে খণ্ডকালীন চাকরির প্রস্তাব দেওয়া হয়। এতে নেদারল্যান্ডসের একটি মূল প্রতিষ্ঠানের আদলে তৈরি নকল ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন পর্যটনকেন্দ্রের ইতিবাচক রেটিং (রিভিউ) দেওয়ার বিনিময়ে প্রতিদিন ৮০০ থেকে আড়াই হাজার টাকা আয়ের প্রলোভন দেখানো হয়। প্রতারক চক্রটি ভুক্তভোগীর বিশ্বাস অর্জনে কাজের শুরুতেই পারিশ্রমিক হিসেবে কিছু টাকা বিকাশ/নগদের মাধ্যমে পাঠায়। পরবর্তী সময়ে ওই ব্যবসায়ীকে একটি বিশেষ টেলিগ্রাম গ্রুপে যুক্ত করে প্রতারক চক্রটি। সেখানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুল মুনাফার লোভ দেখিয়ে ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বড় অঙ্কের বিনিয়োগের আহ্বান জানানো হয়। গ্রুপে থাকা অন্যান্য ভুয়া সদস্যের টাকা জমা দেওয়ার সাজানো স্লিপ দেখে বিভ্রান্ত হন ওই ব্যবসায়ী। তিনি ধাপে ধাপে সর্বমোট ২৪ লাখ ১৯ হাজার ১৯৯ টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠান। পরবর্তীতে মুনাফা বা মূলধন ফেরত না দিয়ে অতিরিক্ত টাকা দাবি করা হলে ভুক্তভোগী বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং পরে আদালতে মামলা দায়ের করেন।সিআইডির প্রাথমিক তদন্তে প্রকাশ পায়, ভুক্তভোগীর বিশ্বাস অর্জনে শুরুতে প্রীয়ন্তী সরকার চিত্রার নিবন্ধিত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকেই পারিশ্রমিকের অর্থ পাঠানো হয়েছিল। সিআইডি আরও জানায়, এই মামলায় প্রীয়ন্তী ছাড়াও ইতিমধ্যে আরও ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে, যাদের মধ্যে চারজন আসামিই অপরাধ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইনভিত্তিক খণ্ডকালীন আয়ের এমন প্রলোভনে না পড়ে অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যেকোনো আর্থিক লেনদেনে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল