প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
‘হজ মিশন ভিসা’ পেতে ফি জমার রসিদ ও তথ্য দাখিলে ধর্ম মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা
আল জাবিরী, সম্পাদক ||
আগামী বছরের হজে অংশগ্রহণকারী অনুমোদিত হজ এজেন্সিগুলোর অনুকূলে ‘হজ মিশন ভিসা’ ইস্যুর লক্ষ্যে আগামী রবিবার (১১ অক্টোবর) মধ্যে প্রয়োজনীয় তথ্য ও ব্যাংক জমার মূল রসিদ দাখিলের জরুরি নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। শুক্রবার (৯ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের হজ কার্যক্রমে নিবন্ধিত ১০০ জন বা তার বেশি হজযাত্রী রয়েছে—এমন ২৬০টি এজেন্সির প্রতিটিকে ১টি করে মিশন ভিসা প্রদান করা হবে। এছাড়া নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ১০০ জনের কম হওয়া সত্ত্বেও ৮টি লিড এজেন্সি এবং ২টি মোনাজ্জেম এজেন্সিকে ১টি করে মোট ২৭০টি হজ মিশন ভিসা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে মন্ত্রণালয়। নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত ছকে এজেন্সির নাম, লিড নম্বর, নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা, এজেন্সির মালিক/মোনাজ্জেম বা প্রতিনিধির নাম, পদবি, পাসপোর্ট নম্বর ও মোবাইল নম্বর সঠিকভাবে পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে হোয়াটসঅ্যাপে (01921-467718) সফটকপি এবং এজেন্সির নিজস্ব প্যাডে স্বাক্ষরিত হার্ডকপি দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।মিশন ভিসা প্রাপ্তির জন্য সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কর্তৃক ধার্যকৃত ভিসা ফি, ইন্স্যুরেন্স ফি, ইলেকট্রনিক সার্ভিস ফি, জমজম পানির ফি, লাগেজ পরিবহন ফি, তাবু ও মাশায়ের সার্ভিস ফিসহ সব প্রয়োজনীয় ফি সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাব নম্বরে (০০২-০০০২৬৩০০০০৯০৮) জমা দিয়ে মূল রসিদ ঢাকার আশকোনাস্থ হজ অফিসে জমা দেওয়া বাধ্যতামূলক।এ ছাড়া বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, বিমান ভাড়াসহ যাতায়াত খরচ এবং সৌদি আরবে থাকা-খাওয়ার যাবতীয় ব্যয়ভার সংশ্লিষ্ট মিশন ভিসাপ্রাপ্ত ব্যক্তি বা এজেন্সিকে নিজেদেরই বহন করতে হবে। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তির অনুলিপি হাব ও আশকোনা হজ অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল