প্রিন্ট এর তারিখ : ১০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬
নয়াদিল্লিতে সব ইন্টারনেট বন্ধ, মেট্রো স্থগিত নিয়ে সুপ্রিম কোর্টের কড়া সমালোচনা
শামিমা লিয়া, আন্তর্জাতিক ডেস্ক এডিটর ||
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তর ও আশপাশের বিশাল এলাকায় সব ধরনের মোবাইল ইন্টারনেট সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করেছে দিল্লি পুলিশ। একই সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫৭টি মেট্রো স্টেশন ও ৬০টির বেশি ট্রেন চলাচল বন্ধ করা হলে বিষয়টি গড়ায় দেশের সর্বোচ্চ আদালতে। এ নিয়ে ভারত সরকারের তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টা থেকে আজ শনিবার রাত ১০টা পর্যন্ত ইন্টারনেট সেবা স্থগিত রাখার এই নির্দেশ কার্যকর করা হয়। দিল্লি পুলিশের উপ-কমিশনারের কার্যালয় থেকে এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, জিও এবং এমটিএনএলকে পাঠানো নির্দেশে বলা হয়, টেলিযোগাযোগ আইন ২০২৩-এর বিধান অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের নির্দেশে জনপথ-কর্তব্য পথ ক্রসিংয়ের চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মোবাইল ইন্টারনেট স্থগিত থাকবে। এর আগে গত জুলাইয়ে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের আন্দোলনের সময় ১.৫ কিলোমিটার এলাকায় ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছিল, তবে এবার সেই পরিধি বাড়িয়ে ৪ কিলোমিটার করা হয়েছে। এতে কনট প্লেস, মান্ডি হাউস, প্রগতি ময়দান, খান মার্কেট, লোধি রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকা চরম বিপাকে পড়েছে।অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, কাশ্মীরি গেটসহ ৫৭টি মেট্রো স্টেশন বন্ধ এবং একাধিক ট্রেন বাতিল করায় সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির সৃষ্টি হয়।এ সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট করা হলে প্রধান বিচারপতির বেঞ্চ সরকারের কঠোর সমালোচনা করে পর্যবেক্ষণ দেন, "মাছি মারতে কামান দাগা যায় না।" আদালত মন্তব্য করে বলেন, সাধারণ যাত্রীদের মৌলিক সুবিধা পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। বিধিনিষেধ আরোপ করা আর পুরো যোগাযোগব্যবস্থা বন্ধ করে দেওয়ার মধ্যে পার্থক্য বিদ্যমান। অনিয়ন্ত্রিত চলাচল রোধে ব্যবস্থা নেওয়া গেলেও সবকিছু স্তব্ধ করে মানুষকে চরম ভোগান্তিতে ফেলা গ্রহণযোগ্য নয়। তবে সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান যে, প্রতিবাদের অধিকার রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের নিরাপত্তা ও অধিকার সুনিশ্চিত করতেই সরকার বাধ্য হয়ে এই ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল