প্রিন্ট এর তারিখ : ০৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬
বিমানের বহর বৃদ্ধিতে ১০টি এয়ারবাস ক্রয়ে চূড়ান্ত চুক্তি সই
আল জাবিরী, সম্পাদক ||
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণের লক্ষ্যে ১০টি নতুন এয়ারবাস বিমান সংগ্রহের জন্য চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে।বুধবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এয়ারবাস কর্তৃপক্ষের উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এই দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে। চুক্তি সই অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদ, চেয়ারম্যান রুমি এ হোসাইন, বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ সিদ্দিক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী বক্তব্য দেন। কূটনৈতিক ও এভিয়েশন খাতের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইয়ুর্গেন ওয়েস্টারমায়ার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, জার্মানির রাষ্ট্রদূত ড. রুদিগার লটস, ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সের শার্লে, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিগা ওচোয়া চিনচেত্রু এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, ১০টি নতুন এয়ারবাস যুক্ত করার এই উদ্যোগ দেশের এভিয়েশন খাতকে বহুদূর এগিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশকে একটি আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে এবং জাতীয় জিডিপিতে শক্তিশালী ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, এই চুক্তিটি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের এক নতুন দ্বারের উন্মোচন করল।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল