প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না: খাদ্যমন্ত্রী আফরোজা খানম
নিজস্ব প্রতিবেদক ||
কোনো সরকারই বাজারে সিন্ডিকেটের উপস্থিতি চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চরম ক্ষতির মুখে পড়ে। তাই ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন ভবিষ্যতে আর ব্যবহার করতে না হয়, সরকার সে লক্ষ্যেই কাজ করছে। মঙ্গলবার (৬ অক্টোবর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্য সংরক্ষণাগার ও বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দেওয়াই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য মন্ত্রণালয় এ লক্ষ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, দেশের বাজার পরিস্থিতি, খাদ্যশস্যের মজুত এবং সরবরাহব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংকট তৈরি হয়নি। ভবিষ্যতে যেকোনো সমস্যা দেখা দিলে তা দ্রুত মোকাবিলা ও সমাধানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রাখা রয়েছে। পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্প প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্পটি কবে উদ্বোধন বা আনুষ্ঠানিকভাবে চালু হবে, তা এ মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর চেষ্টা করা হবে।এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দামিল পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন খাদ্যমন্ত্রী। পরে দুপুর ১টার দিকে তিনি নারায়ণগঞ্জের সাইলোতে পৌঁছান এবং সেখানে সাইলোসহ নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিলের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন।পরিদর্শনকালে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা এবং সার্বিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন আফরোজা খানম। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল