প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজা’কে চম্পটের সুযোগ: এসআই-সহ গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক ||
ঢাকার বংশালে প্রিজনভ্যান থেকে শীর্ষ মাদক কারবারি ‘পিচ্চি রাজা’কে বের করে তার বোনের প্রাইভেটকারে তুলে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় এসকট পার্টির ইনচার্জ এসআই প্রবীর বিশ্বাসসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্য এবং পিচ্চি রাজার বোনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর রোববার ঢাকার বংশাল এলাকায় এ নজিরবিহীন ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রিজনভ্যানের গেটের তালা খুলে শীর্ষ মাদক ব্যবসায়ী ‘পিচ্চি রাজা’কে কৌশলে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। পুলিশের প্রত্যক্ষ উপস্থিতিতেই তাকে ভ্যান থেকে নামিয়ে তার বোনের প্রাইভেটকারে তুলে দেওয়া হয়। শুধু তা-ই নয়, একই প্রিজনভ্যান থেকে অন্য আরেক আসামিকে নামিয়ে একা ছেড়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে। প্রিজনভ্যানের দায়িত্বে থাকা এসআই প্রবীর বিশ্বাসসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের এমন দায়িত্বজ্ঞানহীন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রাথমিক সত্যতা মেলায় কঠোর আইনি পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন। ঘটনা তদন্তে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত এসআই প্রবীর বিশ্বাস, সহযোগী পুলিশ সদস্য এবং পিচ্চি রাজার বোনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় নেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল