প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
চাঁদপুরে অভিযানের খবর টের পেয়ে পালালেন কারবারি, উদ্ধার ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা
নিজস্ব প্রতিবেদক ||
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি আগেভাগেই টের পেয়ে সটকে পড়ায় অভিযুক্ত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নুরুল্লাপুর এলাকায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের পাশে আবুল হাশেমের ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত মাদক কারবারি ফারহান রানার ঘরের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে একই ঘরে থাকা একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে আরও ১২০ পিস ইয়াবা জব্দ করা হয়।তিনি আরও জানান, প্রশাসনের উপস্থিতি ও অভিযানের বিষয়টি আগেই টের পেয়ে মূলহোতা ফারহান রানা পালিয়ে যায়। তবে তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাঁদপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল