প্রিন্ট এর তারিখ : ০৬ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২০
আল জাবিরী, সম্পাদক ||
দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১২০ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ দেখা গেছে আরও ১ হাজার ২৯১ শিশুর মধ্যে। এছাড়া হাম নিয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৮০ শিশু। মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি রোগীর (শিশু ও প্রাপ্তবয়স্ক) মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ২১ হাজার ৯১০ জন। তবে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন। মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জনে। বিভাগভিত্তিক সংক্রমণের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৮৬ জন রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপরই রয়েছে চট্টগ্রাম (২৬০ জন) ও সিলেট (১৬৪ জন)। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১২৩, খুলনায় ১১১, ময়মনসিংহে ৮৫, রংপুরে ৩৫ এবং রাজশাহী বিভাগে ২৭ জন আক্রান্ত হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর আগে গত ৪ ও ২৫ মে এক দিনেই সর্বোচ্চ ১৭ জন এবং ২৪ মে ১৬ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত ২৩ সেপ্টেম্বরও এক দিনে ১১ জনের মৃত্যুর খবর জানা যায়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল