প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণ ও ব্ল্যাকমেলের অভিযোগে সৎবাবাসহ গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক ||
ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগে সৎবাবা কামাল খলিফা এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে বেল্লাল হোসেন নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—ঝালকাঠি শহরের কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা কামাল খলিফা ওরফে লাল মিয়া (৬০) এবং তাঁর আত্মীয় বেল্লাল হোসেন হাওলাদার (৫৫)। মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর বাবা-মায়ের বিচ্ছেদের পর তিনি মায়ের সঙ্গে নানাবাড়িতে থাকতেন। পরে তাঁর মা কামাল খলিফাকে বিয়ে করলে তাঁরা একই বাড়িতে বসবাস শুরু করেন। তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই কামাল খলিফা বিভিন্ন সময় তাঁকে ভয়ভীতি দেখিয়ে অশোভন আচরণ করতেন। বিষয়টি মাকে জানালে মা-মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হতো। গত ১ এপ্রিল সকালে তরুণীর মা বাইরে থাকার সুযোগে কামাল খলিফা তাঁকে প্রথম ধর্ষণ করেন এবং বিষয়টি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেন। এরপর বিভিন্ন সময়ে তিনি একইভাবে তাঁকে নির্যাতন চালান। এদিকে প্রায় তিন মাস আগে কামাল খলিফার পরিচিত বেল্লাল হোসেন ওই ধর্ষণের ঘটনা গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গত ১ জুলাই সকালে বেল্লালও ওই তরুণীকে প্রথম ধর্ষণ করেন এবং পরবর্তীতে ব্ল্যাকমেল করে অনৈতিক সম্পর্কে বাধ্য করেন। গত ৩০ সেপ্টেম্বর সৎবাবার আচরণে সন্দেহ হলে তরুণীর মা নজরদারি শুরু করেন। ওই দিন সকালে কামাল খলিফা তরুণীর কক্ষে ঢুকলে মা হাতেনাতে ধরে ফেলে আটকানোর চেষ্টা করলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান কামাল। পরবর্তীতে তরুণী তাঁর মায়ের কাছে সব ঘটনা খুলে বলেন এবং রোববার (৪ অক্টোবর) ঝালকাঠি সদর থানায় মামলা করেন (মামলা নং-৪, জিআর নম্বর-২৮৮/২৬)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বরগুনা জেলা থেকে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল