প্রিন্ট এর তারিখ : ০৫ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬
নারীদের বাদ দিয়ে গণতন্ত্র সুসংহত হবে না: প্রধান নির্বাচন কমিশনার
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
নির্বাচনে নারীদের অংশগ্রহণ কেবল সংখ্যায় নয়, বরং তা কার্যকর করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, দেশের মানুষের সংস্কৃতি ও বিশ্বাসের কথা বিবেচনায় রেখেই নারীর ক্ষমতায়ন নিশ্চিতের কৌশল নির্ধারণ করতে হবে। নারীদের বাদ দিয়ে গণতন্ত্র কখনো সুসংহত ও গ্রহণযোগ্য হতে পারে না। সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। ভোটের মাঠে নারীদের জন্য ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করে সিইসি বলেন, নির্বাচন কমিশন ভোটে নারীদের অংশগ্রহণের বিষয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে রাজনীতি ও ভোটাধিকারে নারীদের উপস্থিতি বাড়ানোর জন্য মাঠপর্যায়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা জরুরি। ঠাকুরগাঁও-১ আসনসহ আশপাশের উপনির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ও সংখ্যা বেশি উল্লেখ করে তিনি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার ওপর জোর দেন। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত কমিশন প্রসঙ্গে তিনি আরও বলেন, গঠিত বিভিন্ন কমিশনের মধ্যে নারী কমিশন নিয়ে অনেকের বিরোধিতা ছিল; তাই দেশের মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি ও জনসংস্কৃতির আলোকেই এ বিষয়ে সুদূরপ্রসারী কৌশল গ্রহণ করা উচিত। অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্য নির্বাচন কমিশনাররাও নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিয়ে তাঁদের মতামত তুলে ধরেন। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক ধারায় নারীদের অংশগ্রহণের পথ খোলা থাকলেও গত সংসদ নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলক কম ছিল, যা দুঃখজনক। তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলো মূলত জয়ী হওয়ার সম্ভাবনার কথা বিবেচনা করেই প্রার্থী নির্বাচন করে থাকে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনে নারীদের পর্যাপ্ত মনোনয়ন দেওয়ার বিষয়টি মূলত রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ও নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভর করে। অন্যদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জোর দিয়ে বলেন, জাতীয় সংসদ বা স্থানীয় সরকার—যেকোনো নির্বাচনই হোক না কেন, কমিশনের প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। প্রচলিত আইন ও সংবিধানের বাইরে গিয়ে ইসির কাজ করার কোনো সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল