প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
সার মজুতের অভিযোগে কামারখন্দ জামায়াত নেতার পদ বাতিল
নিজস্ব প্রতিবেদক ||
অবৈধভাবে সার মজুত করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডে দণ্ডিত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরাসরি নির্দেশনায় তাঁকে দলীয় পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। রোববার (৪ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।ঘটনার বিবরণে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় জামায়াত নেতা মনিরুল ইসলামের নিজ বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ১৮ বস্তা (৯০০ কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন অভিযুক্ত মনিরুলকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং উদ্ধার করা সার বাজেয়াপ্তের নির্দেশ দেন। সাংগঠনিক ব্যবস্থার বিষয়ে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম বলেন, “সাধারণত জেলা শূরা কমিটির সুপারিশের পর কেন্দ্রীয় আমির অনুমোদন দেন। কিন্তু সার মজুতের অপরাধের কথা জানতে পেরে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তাৎক্ষণিকভাবে মৌখিকভাবে তাঁর রুকুনিয়াত বাতিল করেছেন। আনুষ্ঠানিক সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন হতে দু-এক দিন সময় লাগবে এবং লিখিত সিদ্ধান্ত পাঠানের প্রক্রিয়া চলছে।”এ বিষয়ে কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ আলী জানান, দলীয় নীতি ও আদর্শপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নেতৃত্ব মনিরুল ইসলামের সদস্যপদ বাতিলের এই সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, পদ হারানো সাবেক জামায়াত নেতা মনিরুল ইসলাম ফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত তিনি মৌখিকভাবে জেনেছেন, তবে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত চিঠি হাতে পাননি।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল