প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬
ভুঁইফোঁড়দের ঠেকাতে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে নীতিমালা হচ্ছে
নিজস্ব প্রতিবেদক ||
ভুঁইফোঁড় ও অপসাংবাদিকতার কারণে পেশাদার সাংবাদিকেরা প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছেন উল্লেখ করে প্রকৃত সাংবাদিকেরা যেন নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সে লক্ষ্যে সরকার সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি। রোববার (৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।প্রতিমন্ত্রী জানান, পেশাদার সাংবাদিকদের জন্য কাজের সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নে গণমাধ্যমের সিনিয়র ও অভিজ্ঞ সাংবাদিকদের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ নেওয়া হচ্ছে। একই সঙ্গে বিতর্কিত সাইবার সুরক্ষা আইন প্রসঙ্গে সরকারের অবস্থান পরিষ্কার করে ইয়াসের খান চৌধুরী বলেন, “গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার সাইবার সুরক্ষা আইন তৈরি করছে না। মূলত ডিজিটাল মাধ্যমে দেশের আপামর মানুষকে নিরাপদ রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকার কখনোই কারও বাক স্বাধীনতা হরণ করতে চায় না।”সংবাদপত্রের নবম ও দশম ওয়েজ বোর্ড বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দশম ওয়েজ বোর্ড দ্রুত বাস্তবায়নে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। তবে এই ওয়েজ বোর্ড দ্রুত ও সফলভাবে বাস্তবায়নের জন্য মিডিয়া হাউস বা পত্রিকা মালিকদেরও আন্তরিকতা ও সদিচ্ছা থাকা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল