প্রিন্ট এর তারিখ : ০৩ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬
নিউইয়র্কে মেলানিয়া ট্রাম্পের মানবিক উদ্যোগ: যোগ দিলেন ডা. জুবাইদা রহমান
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আবহেই নিউইয়র্কে এক অনন্য মানবিক সুর তুললেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের (ফার্স্ট লেডি) সম্মানার্থে এক বিশেষ মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। জমকালো এই আয়োজনে উপস্থিত বিশ্বনেতাদের জীবনসঙ্গীদের উদ্দেশে মেলানিয়া তাঁর বিশ্বব্যাপী শিশু কল্যাণ বিষয়ক বিশেষ মানবিক উদ্যোগ ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ (Fostering the Future Together) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন।মার্কিন ফার্স্ট লেডির এই অনুষ্ঠানে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান মেলানিয়া ট্রাম্প এবং দুই ফার্স্ট লেডি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে কুশল বিনিময় করেন। সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে তাঁদের সেই বিশেষ মুহূর্তের একটি আলোকচিত্র প্রকাশ করা হয়েছে। বৈঠকে মেলানিয়া ট্রাম্প শিশুদের সার্বিক নিরাপত্তা, সুস্বাস্থ্য ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে হলে শিশুদের যথাযথ বিকাশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। বিশ্বের প্রতিটি প্রান্তে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মেধা ও সম্ভাবনার পূর্ণ বিকাশ ঘটাতে তিনি বিশ্বনেতাদের সহধর্মিণীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখার ওপর জোর দেন। একই সঙ্গে এই বৈশ্বিক শিশু কল্যাণ আন্দোলনকে ছড়িয়ে দিতে এবং তা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখতে অন্য দেশের ফার্স্ট লেডিদের প্রতি উদাত্ত আহ্বান জানান মার্কিন ফার্স্ট লেডি। মেলানিয়ার এই সময়োপযোগী মানবিক উদ্যোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক প্রশংসিত হচ্ছে এবং বিভিন্ন স্তরে এটি ইতিবাচক সাড়া ফেলেছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল