প্রিন্ট এর তারিখ : ০২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬
শুল্ক ফাঁকি: গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের বন্ডেড ওয়্যারহাউস সিলগালা
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত শুল্কমুক্ত মদ এনবিআরের অনুমোদিত সফটওয়্যার ফাঁকি দিয়ে অননুমোদিত গুদামে মজুত রাখার অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ডিএনসি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি যৌথ দল গুলশানের ওই চারতলা ভবনের প্রতিষ্ঠানটিতে অভিযান চালায়।অভিযানকালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সফটওয়্যার ও রেজিস্টারের তথ্যের সঙ্গে সরেজমিন পণ্যের ব্যাপক অমিল পাওয়া যায়। সফটওয়্যারে যেসব পণ্য ইতোমধ্যে ছাড়পত্র বা খালাস দেখানো হয়েছিল, বাস্তবে সেগুলো ওয়্যারহাউসে মজুত রাখা হয়েছিল। এ সময় ওয়্যারহাউসটি থেকে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল নেমিরফ ভদকা জব্দ করা হয়। এছাড়া, গত ৩ সেপ্টেম্বর সফটওয়্যার সিস্টেমে ইন-বাউন্ড হিসেবে নথিভুক্ত করা ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার সরেজমিনে তল্লাশি চালিয়ে ওয়্যারহাউসে পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিএনসি।অভিযান পরিচালনকারী দলটি আরও জানায়, প্রতিষ্ঠানটির চারতলা ভবনের দুটি তলায় কাস্টমসের অনুমোদন সংক্রান্ত প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও তথ্য পাওয়া যায়নি। এসব জালিয়াতি ও অনিয়মের কারণে পুরো ওয়্যারহাউসটি সিলগালা করে দেওয়া হয়েছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল