প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬
সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ছাত্রকে তিনবার আছাড়, অভিভাবক আটক
নিজস্ব প্রতিবেদক ||
মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রবেশ করে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে উপর্যুপরি তিনবার আছাড় দেওয়ার অভিযোগে এক সহপাঠীর বাবাকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজে এ নৃশংস ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম নাহিদ শেখ। তিনি উপজেলার পূর্ব রাজদিয়া গ্রামের বাসিন্দা। অন্যদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর নাম হাবিব (১৩)। ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুই শিক্ষার্থীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার জেরে আজ সকালে অভিযুক্ত নাহিদ শেখ বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত বিচার বা অভিযোগ না দিয়েই সরাসরি ষষ্ঠ শ্রেণির কক্ষে ঢুকে পড়েন। সেখানে শিক্ষক ও অন্য শিক্ষার্থীদের সামনেই তিনি শিশু হাবিবকে টেনে ফ্লোরে পরপর তিনবার আছাড় দেন।এ সময় শ্রেণিকক্ষে তীব্র আতঙ্কের সৃষ্টি হলে শিক্ষকরা এগিয়ে এসে অভিযুক্ত নাহিদ শেখকে ধরে প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে আটক রাখেন এবং থানায় খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়। রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম বলেন, “শিক্ষার্থীদের অভ্যন্তরীণ ঝগড়া নিয়ে প্রধান শিক্ষকের কাছে বিচার না চেয়ে সরাসরি শ্রেণিকক্ষে ঢুকে এভাবে ছাত্রকে মারধর করা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অন্যায় কাজ।”ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ জানান, শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল