প্রিন্ট এর তারিখ : ০১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা এমপি নজরুলের জামিন নামঞ্জুর স্ত্রীর মুক্তি
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
রাজধানীর ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর দায়ের হওয়া হত্যায় প্ররোচনা মামলায় সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছেন আদালত। তবে একই মামলায় তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগম জামিন লাভ করেছেন। মামলার বাদী ও নিহতের বাবা আদালতে আপস-মীমাংসানামা দাখিল করে আসামিদের জামিনে আপত্তি নেই জানালেও মূল আসামি নজরুলের জামিন মেলেনি।আজ বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এই আদেশ দেন। শুনানিকালে বাদীর পক্ষ থেকে আপস-মীমাংসার আবেদন জমা দেওয়া হলেও রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে জানায়, আত্মহত্যায় প্ররোচনার মতো গুরুতর ফৌজদারি মামলায় আইনগতভাবে আপসের কোনো সুযোগ নেই। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী দাবি করেন, পুলিশি তদন্তে আত্মহত্যার ঘটনার সঙ্গে নজরুল ও তাঁর প্রথম স্ত্রীর সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।গত ২০ সেপ্টেম্বর ন্যাম ভবনের সরকারি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের পর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ এমপি গাজী নজরুল ইসলামকে দু দফায় মোট আট দিনের এবং তাঁর প্রথম স্ত্রীকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। তদন্তের একপর্যায়ে উদ্ধার হওয়া কথিত 'সুইসাইড নোট' ঘিরে ব্যাপক চর্চা শুরু হয়।উল্লেখ্য, চলতি বছরের গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে সাবেক এমপি গাজী নজরুলের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর জেরে ব্যাপক সমালোচনার মুখে মরিয়মকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে মেনে নেন এই জামায়াত নেতা। পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল