প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি
নিজস্ব প্রতিবেদক ||
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির মেয়াদের সঙ্গে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি যুক্ত করার নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বাড়তি ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের দীর্ঘ ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ছুটির সংক্রান্ত এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে।সরকারি ছুটির বিদ্যমান ক্যালেন্ডার অনুযায়ী, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত ছিল। এর সঙ্গে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে অতিরিক্ত সরকারি ছুটি ঘোষণা করায় এবং পরবর্তী দুদিন ২৩ ও ২৪ অক্টোবর (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন সরকারি দপ্তরগুলো বন্ধ থাকবে।সনাতন ধর্মাবলম্বীদের প্রধান এই ধর্মীয় উৎসবের সময়সূচি অনুযায়ী, চলতি বছরের ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দেবীর আবাহন ঘটবে। পরবর্তীতে ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে দুর্গাপূজা শেষ হবে।প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী, সরকারি ছুটির আওতাভুক্ত সব সরকারি, আধাসরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পাশাপাশি নিজস্ব বিধিবিধান অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও এই ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও সেবাধর্মী প্রতিষ্ঠানগুলোর সেবা চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন বলবৎ থাকবে।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল