প্রিন্ট এর তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬
আকুর বিল পরিশোধের পর বাড়ল রিজার্ভ
সুমাইয়া জাবির , ন্যাশনাল ডেস্ক এডিটর ||
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফের ইতিবাচক ধারা পরিলক্ষিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যানুযায়ী, বর্তমানে গ্রস বা মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬১৪ কোটি ৫৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার বা ৩৬.১৪ বিলিয়ন ডলারে। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবায়ন পদ্ধতি বিপিএম-৬ (BPM6) অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১.২৯ বিলিয়ন ডলারে (৩ হাজার ১২৯ কোটি ৮২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার)।বুধবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সম্পর্কিত এই আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল বাবদ মোট ১৩৯ কোটি ২২ লাখ ৭ হাজার মার্কিন ডলার পরিশোধ করেছিল বাংলাদেশ। মেগা এই বিল পরিশোধের আগে আগস্টের শেষভাগে দেশের মোট রিজার্ভ ছিল ৩৭.৩৫ বিলিয়ন ডলার। তবে আকুর পাওনা মেটানোর পর রিজার্ভ সাময়িকভাবে কমে ৩৬ বিলিয়ন ডলারের ঘরে নেমে এলেও পরবর্তীতে তা আবারও ঘুরে দাঁড়ায়।উল্লেখ্য, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) হলো দক্ষিণ ও মধ্য এশিয়ার আঞ্চলিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যকার দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম, যার প্রধান কার্যালয় ইরানের রাজধানী তেহরানে অবস্থিত। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, মিয়ানমার ও ইরান—এই ৯টি সদস্য রাষ্ট্রের মধ্যকার আমদানির পাওনা সাধারণত প্রতি দুই মাস পরপর আকুর মাধ্যমে পরিশোধ করা হয়।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল