প্রিন্ট এর তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাড্ডা ক্লিনিক পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা দেবে জামায়াত
নিজস্ব প্রতিবেদক ||
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি সরেজমিনে পরিদর্শন করে এই সহায়তা প্রদানের কথা জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।পরিদর্শনকালে জামায়াত আমির স্পষ্ট করেন যে, প্রতিষ্ঠানটির সেবা কার্যক্রম সাময়িকভাবে সচল করার লক্ষ্যে ট্রাস্টি বোর্ডের মাধ্যমে এই ৫০ লাখ টাকার প্রাথমিক অনুদান দেওয়া হচ্ছে এবং প্রয়োজনে এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জামায়াত আরও সহায়তা করবে। দুষ্কৃতকারীদের তাণ্ডবের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তাকে আইনের আওতায় আনতে হবে, এমনকি নিজের দলের কেউ জড়িত থাকলেও তাকে কোনো ছাড় না দেওয়ার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। সরকারি দলের আশ্রয়-প্রশ্রয় ছাড়া এ ধরনের অপকর্ম করা সম্ভব নয় বলে দাবি করে তিনি এর বিচার দাবি করেন।এ সময় দেশে সাম্প্রতিক সময়ে ঘটা বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনার তীব্র সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। রাজধানীর ইসিবি চত্বরে একজন 'জুলাই যোদ্ধা'র স্টুডিও গভীর রাতে গুঁড়িয়ে দেওয়া এবং মোহাম্মদপুরে প্রকাশ্যে অস্ত্র নিয়ে বাড়ি দখলের চেষ্টার ঘটনা তুলে ধরে তিনি আইনশৃঙ্খলার বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সন্ত্রাসী ও গুন্ডাদের এসব তাণ্ডব বন্ধ করে অবিলম্বে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য তিনি সরকারের কাছে জোর দাবি জানান।
প্রধান সম্পাদক : কাদির নোমান, সম্পাদক : আল জাবিরী, প্রকাশক : আবদুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দিকপাল